ফজরে উঠতে পারছেন না? এই টেকনিকগুলো বদলে দেবে আপনার অভ্যাস
ঘুম আমাদের
জীবনের একটি অপরিহার্য অংশ। এটি কোনো অলসতা বা সময় নষ্ট করার বিষয় নয়;
বরং এটি মহান স্রষ্টার পক্ষ থেকে একটি
অনুগ্রহ। ঘুমের মাধ্যমে মানুষ তার শরীর ও মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে। আধুনিক
বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি কেন আমরা ঘুমাই—তবে এটা নিশ্চিত যে,
ভালো ঘুম আমাদের কর্মক্ষমতা,
মানসিক স্বাস্থ্য় এবং আধ্যাত্মিক জীবনের
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘুমের উদ্দেশ্য: দুনিয়া না আখিরাত?
আমাদের ভাবা
উচিত, আমরা কেন ঘুমাই?
যদি শুধু দুনিয়ার কাজের জন্য ঘুমাই,
তাহলে ঘুম হবে শুধুই শারীরিক বিশ্রাম।
কিন্তু যদি আখিরাতের উদ্দেশ্যে ঘুমাই,
তাহলে এটি হয়ে উঠতে পারে ইবাদত। তখন
ঘুমের মধ্যেও থাকে নিয়ত, সংযম এবং উদ্দেশ্য।
ঘুমের ৩টি ম্যানেজমেন্ট পদ্ধতি
১. আধ্যাত্মিক সমাধান
ঘুমকে ইবাদতের
অংশ হিসেবে নিতে হবে।
ক. নিয়ত ঠিক
করা:
ঘুমানোর আগে মনে মনে নিয়ত করুন—এই ঘুম
যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং জেগে উঠে ইবাদত করতে পারেন।
খ. ঘুমের আগে
করণীয়:
- অজু করে ঘুমানো
- সামান্য হলেও রাতের নামাজ
(তাহাজ্জুদ/বিতর) আদায়
- ঘুমের দোয়া পড়া
এগুলো ঘুমকে
শান্ত, গভীর
এবং বরকতময় করে তোলে।
গ. ঘুম থেকে উঠে
করণীয়:
- জাগার দোয়া পড়া
- আল্লাহর জিকির করা
- অজু করা
- কুরআনের আয়াত তিলাওয়াত
এগুলো
“ঘুম-জড়তা” দূর করে এবং মনকে সতেজ করে।
২. শারীরিক সমাধান
ঘুমের মান
নির্ভর করে তার গুণগত দিকের ওপর।
স্লিপ সাইকেল
বুঝুন:
মানুষের ঘুম
কয়েকটি ধাপে বিভক্ত-হালকা ঘুম, গভীর ঘুম এবং স্বপ্নের ধাপ।
- গভীর ঘুমে শরীর ও মস্তিষ্ক সবচেয়ে
বেশি পুনরুদ্ধার হয়
- সম্পূর্ণ সাইকেল শেষ করে জাগলে সতেজ
লাগে
- মাঝপথে জাগলে ক্লান্তি থাকে
ঘুমের গবেষকগণের
মতে, প্রতিরাতে
ঘুমের মধ্যে আপনার মস্তিষ্ক ও দেহ একটি স্লিপ-সাইকেলের মধ্য দিয়ে অগ্রসর হয়। চলুন
এবার স্লিপ-সাইকেলের ধাপগুলো জেনে নেই-
ধাপ ১ : তন্দ্রাভাব
অনুভব করা। এই ধাপ শুরু হয় আপনার মাথা বালিশে এলিয়ে পড়লে এবং চোখ বুজে এলে। এটা সচরাচর
১৫-২০ মিনিট সময় নেয়। আপনি তখনও বেশ সচেতন এবং সামান্য শব্দ বা নড়াচড়া আপনাকে জাগিয়ে
দিতে পারে।
ধাপ ২ : আপনি
চেতনা হারাতে শুরু করেছেন, কিন্তু সম্পূর্ণরূপে ঘুমিয়ে যাননি। মৃদু শব্দে অথবা সামান্য
নড়াচড়ায় জেগে উঠবেন বলে মনে হয় না, কিন্তু কেউ আপনাকে টোকা দেওয়ামাত্র জেগে উঠবেন।
ধাপ ৩ এবং ৪ : এই ধাপে আপনি গভীর ঘুমে হারিয়ে গেছেন। আপনি
অচেতন। কুরআনের ভাষ্যমতে কার্যত মৃত। এই ধাপে আপনার দেহ ও মস্তিষ্ক সর্বাত্মক পুনরুদ্ধার
কার্যক্রম চালাতে থাকে।
ধাপ ৫ : এই ধাপটি REM (Rapid Eye Movement বা দ্রুত চক্ষু সঞ্চালন) ধাপ হিসেবে পরিচিত। এ সময়টাতে মানুষ
সবচেয়ে বেশি স্বপ্ন দেখে থাকে। ধাপ-৫ শেষে আপনি আবার অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থার
দিকে যাত্রা করে পুনরায় স্লিপ-সাইকেল আরম্ভ করেন।
এখানে উল্লেখযোগ্য
পয়েন্টটি হলো, আপনি যদি স্লিপ-সাইকেলের মাঝামাঝিতে জেগে যান,
তাহলে খুবই ক্লান্তি আর অবসাদ নিয়ে জাগবেন
এবং মনে হবে একেবারেই ঘুমাননি। পক্ষান্তরে, যদি স্লিপ-সাইকেল সম্পন্ন করে জাগেন,
তবে আপনি জাগবেন সতেজ ও প্রাণবন্ত হয়ে;
মনে হবে যেন অনেক ঘণ্টা ঘুমিয়েছেন!
প্রোডাক্টিভিটি এক্সপার্টবৃন্দ
এই কৌশলকে কাজে লাগিয়ে সতেজ অনুভূতি নিয়ে জাগেন; এমনকী রাতে তারা খুব অল্প কয়েক ঘণ্টা ঘুমোলেও।
নোট : আমি পরামর্শ
দিচ্ছি না, আপনি এই ওয়াক-আপ অ্যালার্টকে কাজে লাগিয়ে কম সময় ঘুমান। আমার
পরামর্শ হলো, আপনার ব্যক্তিগত স্লিপ-সাইকেলটি বোঝার চেষ্টা করুন,
যাতে আপনাকে প্রতিদিন সকালে স্নোজ বাটন না
চাপতে হয়!
এখন প্রশ্ন
হলো-স্লিপ সাইকেল কীভাবে হিসেব করব?
ঘুমবিষয়ক গবেষকদের
অনুমান অনুযায়ী বেশিরভাগ মানুষের স্লিপ-সাইকেল গড়পড়তা ৯০ মিনিট। এর মানে,
১ম থেকে ৫ম ধাপের সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে
আপনি একটি সম্পূর্ণ স্লিপ-সাইকেল পূর্ণ করেন। ধরুন, আপনি রাত ১০.০০টায় ঘুমিয়ে সকাল ৫.০০টায় জেগে
উঠতে চান। এই সময়সীমার মধ্যে আপনি কতগুলো ৯০ মিনিটের স্লিপ-সাইকেল নির্ধারণ করতে পারেন?
এখানে যে ক’টা স্লিপ-সাইকেল নির্ধারণ করতে
পারেন :
রাত ১০.০০ থেকে রাত ১১.৩০ = ১x স্লিপ-সাইকেল
রাত ১১.৩০ থেকে রাত
০১.০০ = ২x স্লিপ-সাইকেল
রাত ০১.০০ থেকে রাত
০২.৩০ = ৩x স্লিপ-সাইকেল
রাত ০২.৩০ থেকে রাত
০৪.০০ = ৪x স্লিপ-সাইকেল
এবার ধরুন, আপনি
ভোর ৪.০০ টার না জেগে ভোর ৫.০০ টায় জাগলেন,
তখন কী ঘটবে জানেন?
আপনি স্লিপ -সাইকেলের মাঝখানে জেগে উঠবেন।
ফলে তখন আপনি সত্যিই ক্লান্তি আর মাতাল অনুভূব করবেন।
আর যদি আপনি ভোর
৫.৩০টা (অন্য একটি পূর্ণ স্লিপ-সাইকেল) পর্যন্ত ঘুম চালিয়ে যান,
সেক্ষেত্রে আপনার ফজরের সালাত কাজা করার আশঙ্কা
থেকে যায়।
কিন্তু আপনি ভোর
৪ টায় জেগে যদি আর ঘুমাতে না চান, তাহলে ফজরের আজান পাঁচটা পর্যন্ত তো পুরো এক ঘণ্টা
পড়ে থাকে! এই সময়টা কীভাবে কাজে লাগাতে পারেন? বেশ, এ সময়টা আপনি আত্মোন্নয়নমূলক কাজে ব্যয় করতে
পারেন। যেমন : তাহাজ্জুদ সালাত, ব্রেইনস্টোর্মিং, অধ্যয়ন এবং দিনের বা সপ্তাহের পরিকল্পনা তৈরিতে।
তবে আপনি যদি স্লিপ-সাইকেলের
মাঝামাঝি না জেগেও আরেকটু ঘুমিয়ে নিতে চান, তাহলে আমার পরামর্শ, আপনি ৪.০০টায় পুরোপুরি জেগে উঠুন (একদম বিছানায়
উঠে বসুন, বাথরুম সেরে আসুন), অতঃপর ২০-৪০ মিনিট ভাতঘুম গ্রহণ করুন;
কোনোভাবেই এর বেশি নয়! ২০-৪০ মিনিটের ঘুম
নিশ্চিত করে আপনি জাগরণ অবস্থার খুব কাছাকাছি অবস্থান করবেন এবং ৫.০০টার দিকে জেগে
উঠা আপনার জন্য খুব একটা কষ্টকর ব্যাপার হবে না।
এভাবে আপনি
স্লিপ সাইকেল হিসেবে করে ঘুমালে খুব সহজেই ফজরে ঘুম থেকে জাগতে পারবেন এবং আপনার
ঘুমও পূর্ণ হবে।
আপনার লক্ষ্য
হওয়া উচিত কম সময় নয়, ভালো মানের ঘুম।
৩. কার্যকর ঘুমের জন্য কিছু বাস্তব টিপস
- নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান
- ঘুমের আগে স্ক্রিন টাইম কমান
- ঘুমানোর আগে দোয়া ও শান্ত পরিবেশ
তৈরি করুন
- অ্যালার্ম এমনভাবে সেট করুন যেন স্লিপ
সাইকেল সম্পূর্ণ হয়
- “স্নুজ” বাটন এড়িয়ে চলুন
ঘুম শুধুমাত্র
বিশ্রাম নয়—এটি একটি শক্তিশালী মাধ্যম, যা আমাদের দেহ,
মন এবং আত্মাকে পুনর্গঠন করে। সঠিক নিয়ত,
সুন্নাহভিত্তিক অভ্যাস এবং বৈজ্ঞানিক
বোঝাপড়ার মাধ্যমে আমরা ঘুমকে প্রোডাক্টিভিটির হাতিয়ার বানাতে পারি।
সুতরাং,
ঘুমকে অবহেলা নয়—স্মার্টভাবে ম্যানেজ
করুন। তাহলেই আপনি পাবেন একসাথে দুনিয়ার সফলতা এবং আখিরাতের কল্যাণ।
লেখাটি নেওয়া হয়েছে গার্ডিয়ান থেকে প্রকাশিত
প্রোডাক্টিভ মুসলিম বই থেকে। বইটি মুসলিমদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে বিশ্বজুড়ে
জনপ্রিয়।
প্রোডাক্টিভ মুসলিম বইটি অর্ডার করতে
ক্লিক করুন : প্রোডাক্টিভ মুসলিম






